রাজধানীর মিরপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বুধবার রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা–কর্মীরা এ হামলা চালান। ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে মাইনুল হোসেন নিখিল আত্মগোপনে রয়েছেন; এর আগে তিনি এই বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ থেকে ৫০ জনের ছাত্রদলের একটি দল নিখিলের বাসার নিচে থাকা কার্যালয়ের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করা হয় এবং একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হামলাকারীরা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর চালানোর পর তারা সেখান থেকে চলে যান।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং নিখিলের নির্দেশে দেশে অরাজকতা, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এই ভাঙচুরের মাধ্যমে তাকে সাবধান করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা–কর্মীদের বাড়িতে হামলা ও মারধরের ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকলে তারা শান্তিতে থাকতে পারবেন না।
এদিকে, একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর চালায় ও আগুন দেয়। এতে একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। এছাড়া হামলাকারীরা নিচতলার নিরাপত্তাকর্মীদের কক্ষও ভাঙচুর করেন। স্থানীয়রা ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির নিরাপত্তাকর্মী মো. বিজয় জানান, হামলাকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিয়ে নিচতলায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেয়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এ বিষয়ে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন তবে এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে তা প্রদান করা হবে।