নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপি’র একটি শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ নিহত হয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে কালিয়া পৌর এলাকার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা হয়ে বটগাছের উত্তর পাশের সড়ক দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা ৩০০-৪০০ জন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী অতর্কিত আক্রমণ চালায়।

হামলাকারীরা শোভাযাত্রায় থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কৃষকদল নেতা শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)-সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহীন ও সোহেল শেখকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পথে তাদের মৃত্যু হয়।

কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার সোহেল শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একইভাবে কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে এই হামলার বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।