দেশে শান্তিপূর্ণ পরিবেশে মানুষের বসবাসের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করলে রাজপথে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। বুধবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতাকর্মী মিছিলটিতে অংশ নিয়ে শাহবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না’র মতো বিভিন্ন স্লোগান দেন। মিছিল পূর্ববর্তী সমাবেশে ছাত্রদল নেতা বাসিত বলেন, গত ১৭ বছরের কর্মকাণ্ডের হিসাব একে একে নেওয়া হবে। এ সময়ে যারা নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেসব শহীদ নেতাকর্মী ও ভাই-বোনদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের কথা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, সাম্য, মানবিকতা এবং ন্যায়-ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এখন পর্যন্ত মানবিকতা প্রদর্শন করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি এর বিপরীতে নৃশংসতা দেখায়, তবে তাদের পরিণতি ভয়াবহ হবে। যারা বাংলাদেশের মানুষের শান্তিতে বসবাসের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তাদের রাজপথ থেকে উপড়ে ফেলা হবে বলেও তিনি সমাবেশে ঘোষণা দেন।