বরিশালের বাবুগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে দলটির নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ করেছেন। বুধবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ও রামপট্টি স্টেশনের মধ্যবর্তী স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে ঘোষিত দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচির অংশ হিসেবে রাতের শেষ ভাগে কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় জড়ো হয়ে অল্প সময়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। তবে পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।
এদিকে, ওই এলাকায় সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও প্রস্তুতির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাদদেশে সন্ধ্যা নদীর মধ্যে অবস্থান নিয়ে কয়েকজন ব্যক্তি বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ওসি আরও জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিমানবন্দর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।