বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক একান্ত বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মাগরিবের নামাজের ঠিক আগে প্রধানমন্ত্রী নিজেই ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানিয়ে সংসদ ভবনে ডেকেছিলেন। দুই নেতার এই একান্ত আলোচনায় তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল না।

বৈঠকের মূল বিষয় ছিল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তারা একমত পোষণ করেছেন।

সম্প্রতি ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক সহিংসতা চালাচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়ি ও একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া এবং ঢাকায় বেশ কয়েকটি বাস অগ্নিসংযোগের শিকার হয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে ঐক্যের ডাক উঠেছে এবং জামায়াতে ইসলামী বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।