গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঘোনাপাড়া এলাকায় তারা জড়ো হন। বেলা ১১টার দিকে রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠা হাতে নিয়ে তাঁরা মহাসড়কে মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। যেসব স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের উপস্থিতি দেখা গেছে।
সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যার ফলে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে সাধারণ মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা যানবাহন না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু দোকান খোলা ছিল।
ঘোনাপাড়া মোড় থেকে শহরের প্রবেশপথ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা, নীলা মাঠ, হাসপাতাল মোড় এবং সার্কিট হাউস মোড়সহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে রাখা হয়েছে। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকায় যুবলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা সীমিত পরিসরে চললেও যাত্রীদের প্রতিবন্ধকতার কারণে বারবার যানবাহন পরিবর্তন করতে হচ্ছে।
সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে চুরির অভিযোগে দুজনকে গোলচত্বরের রেলিংয়ে বেঁধে রাখার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের দাবি, গত রাতে মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি যানবাহনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যার ফলে এলাকার সুনাম নষ্ট হচ্ছে। এ কারণেই অভিযুক্তদের ধরা হয়েছে।
এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গত বুধবার রাত থেকে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে আছে। ট্রাকচালক মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সিলেট থেকে রওনা হয়ে বুধবার রাতে গোপালগঞ্জে পৌঁছানোর পর দোলা পাম্প এলাকায় গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ায় তিনি আটকা পড়েন। একইভাবে মো. তুহিন নামে অন্য এক ট্রাকচালক অভিযোগ করেন, রাস্তা পার করে দেওয়ার কথা বলে কিছু লোক তার কাছ থেকে ৫০০ টাকা নিলেও পরে তাদের আর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাস্তা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে।