নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না। তাদের খুঁজতে হারানো বিজ্ঞপ্তি দিতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে টোকাইদের দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। এসব অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। জনগণ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেবে।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করেন ডা. শাহাদাত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টার আগেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হন। সেখানে তারা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আসকারদিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।
ডা. শাহাদাত হোসেন বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে দলের নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছেন, এখনো একইভাবে সক্রিয় রয়েছেন। আজকের কর্মসূচি প্রমাণ করেছে, অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি আগের মতোই সোচ্চার। তিনি আরও বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগরের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের পাশে থাকার কথা জানিয়ে ডা. শাহাদাত বলেন, শান্তির পক্ষে এই মিছিল নগরের প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।