নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের শতবর্ষী প্রাঙ্গণে জেএএফ ফাউন্ডেশনের উদ্যোগে 'অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ভিশন' শীর্ষক একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জ সহযোগিতা প্রদান করে।

নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে পর্তুগালের রাজপরিবারের সদস্য এইচআরএইচ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা এবং তাঁর স্বামী দুয়ার্তে দে সুজা আরাউজো মার্টিন্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেএএফ ফাউন্ডেশনের বিভিন্ন অর্জন, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে 'গ্লোবাল ফেয়ার পে চার্টার' সম্প্রসারণের উদ্যোগ ও গুরুত্ব নিয়ে অতিথিরা মতবিনিময় করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, যা স্থানীয় পর্যায়ে শিক্ষা, উন্নয়ন এবং নতুন সম্ভাবনা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, জেএএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান তামান্না ফারুক থীমা এবং ফারাজানা ফারুক ফ্রিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।