অনলাইন ডেস্ক নিউজ:

নওগাঁর বদলগাছী উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিঠু হোসেন (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠু হোসেন বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা এবং আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মিঠু হোসেন ভ্যান নিয়ে বিষ্ণপুর থেকে নিজ বাড়ি বৈকুন্ঠপুরে ফিরছিলেন। পথিমধ্যে জিয়া শিমুলিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার কানের নিচে, ঘাড় ও পিঠে একাধিক আঘাত করে।
গুরুতর আহত অবস্থাতেও তিনি প্রাণ বাঁচাতে ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ধানক্ষেতে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।