আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ইতিহাসে এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করার ঘটনা ঘটেনি। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গা এবং বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসরত লাখ লাখ মানুষের জন্য এই রায় একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি। এর মধ্য দিয়ে স্বীকৃতি পেল যে, তাদের ওপর সংঘটিত অপরাধ গণহত্যার শামিল।

আইনগতভাবে এই রায়ের ফলে মিয়ানমারের ওপর চলমান সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটার নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। তবে বিষয়টি স্পষ্টভাবে বোঝা জরুরি যে, এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তি বা সামরিক জেনারেলকে কারাদণ্ড দিতে পারে না। একইভাবে, রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই।

রায় কার্যকরের ক্ষেত্রে আদালত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভরশীল। ফলে অনেক রোহিঙ্গার কাছে এই রায় গুরুত্বপূর্ণ প্রতীকী স্বীকৃতি হলেও, এর মাধ্যমে এককভাবে তাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত হবে না। একই কারণে মিয়ানমারের সামরিক কমান্ডারদেরও সরাসরি কারাগারে পাঠানো সম্ভব নয়। কারণ আইসিজে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ করে, আর ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তবে গণহত্যার বিষয়ে আইসিজের এই সিদ্ধান্ত পৃথক ফৌজদারি কার্যক্রম এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে রায় বাস্তবায়নের দাবিতে আইনি ও কূটনৈতিক ভিত্তিকে আরও জোরালো করতে পারে।