টেলিভিশনের পর্দায় চোখ রেখে কেউ নীরবে বসে আছেন, কেউ মুছছেন চোখের পানি, আবার কেউ দুহাত তুলে প্রার্থনা করছেন সৃষ্টিকর্তার কাছে। প্রত্যাশা—দীর্ঘদিনের নির্যাতনের বিচার হবে, স্বীকৃতি মিলবে হারানো অধিকারের। একদিন নিরাপদে ফিরে যেতে পারবেন জন্মভূমি মিয়ানমারের রাখাইনে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে এমন দৃশ্য দেখা যায়। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার দেখতে বিভিন্ন ক্যাম্পে জড়ো হন রোহিঙ্গারা, রায়ের প্রতিটি শব্দ শোনার অপেক্ষায় ছিলেন তারা।

নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। সেই সম্প্রচারের দিকে নজর ছিল বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোর বাসিন্দাদেরও। কারও কাছে এই বিচারপ্রক্রিয়া স্বজন হারানোর ক্ষত, কারও কাছে পুড়ে যাওয়া বাড়িঘর ও ফেলে আসা গ্রামের স্মৃতি। আবার অনেকের কাছে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবনের সম্ভাবনা। দীর্ঘ শরণার্থীজীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে ফেরার স্বপ্নই তাঁদের প্রত্যাশাকে আরও গভীর করেছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন লাখো রোহিঙ্গা। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এরপর থেকে প্রায় নয় বছর ধরে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছেন তাঁরা। আন্তর্জাতিক নানা উদ্যোগের পরও কাটেনি স্বদেশে ফেরার অনিশ্চয়তা। রায় পাঠের শুরুতে ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন রোহিঙ্গারা। আইসিজের রায় নিয়ে তাদের মধ্যে আশাবাদ রয়েছে। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা তার। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ থাকতে পারে না। তাদের পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে বসবাসের নিশ্চয়তাও এর অংশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায়ের পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। এ ধরনের পরিবর্তনে সময় প্রয়োজন। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরিতেও এটি সহায়ক হতে পারে। রোহিঙ্গাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন প্রত্যাবাসন। আদালতের রায় সরাসরি নাগরিকত্ব নিশ্চিত করবে না, এমনকি দেশে ফেরার সময়ও নির্ধারণ করবে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি হবে না।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। ২০২০ সালে আদালত অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত রায় পাঠ করা হয়। আদালতের সিদ্ধান্তের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হলেও শরণার্থী শিবিরের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন—কবে ফিরবেন নিজের দেশে? যে বাড়ি ছেড়ে একদিন প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন, সেখানে আবারও ফিরতে পারবেন কি না, তার উত্তর এখনো অজানা। তাই রায়ের দিনেও তাদের চোখে অশ্রু, হাতে মোনাজাত আর হৃদয়ে স্বদেশে ফেরার আকুতি।