জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং পরোক্ষ ধূমপানের ঝুঁকি থেকে অধূমপায়ীদের রক্ষা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয়কে শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। তিনি জানান, অধিদপ্তরের আওতাধীন সব অফিসের দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই সভায় মহাপরিচালক সভাপতিত্ব করেন। তিনি বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তিনি জানান, অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম কারণ তামাক। ধূমপান ত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই উল্লেখ করে তিনি বলেন, কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীরা ঝুঁকির মধ্যে থাকেন। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হন, যার মধ্যে কর্মক্ষেত্রে আক্রান্তের হার ৪২ দশমিক ৭ শতাংশ বা প্রায় ৮১ লাখ মানুষ।

সভায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর কার্যকর বাস্তবায়নের জন্য দ্রুত বিধিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ও স্থাপনায় তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত ধূমপানের স্থান না রাখা, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় বন্ধ এবং মনিটরিং টিম গঠনের সুপারিশ করা হয়। এছাড়া তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করতে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসির অনুচ্ছেদ ৫ দশমিক ৩ অনুসরণের আহ্বান জানানো হয়। সভায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।