সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী মোল্লাবাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম উপজেলার ৭ নম্বর সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে জগন্নাথপুর আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা সাদ্দাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।