রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের সপ্তম চালানটি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষায়িত লরিতে করে এই জ্বালানি প্রকল্প এলাকায় নিয়ে আসা হয়। এই চালানটি আসার মাধ্যমে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানের মাধ্যমে এই পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছাবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। গত ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয় এবং কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই অর্জনকে দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। মন্ত্রী জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এই পর্যায়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তীতে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।