অনলাইন ডেস্ক:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জেলা ডিবি পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাভারণ ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল নাভারণ পুরাতন বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকায় পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী কুন্দিপুরের বাসায় অভিযান চালিয়ে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জব্দকৃত প্রায় ২০ লাখ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আসামি। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।