চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা গ্রামীণ ব্যাংকের একটি শাখাকে লক্ষ্য করে গভীর রাতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহত বা ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত ব্যাংক ভবন লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়—একটি ব্যাংকের প্রধান দরজায় এবং অন্যটি সিঁড়ির পাশে। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিল। বিস্ফোরণের ফলে ব্যাংকের প্রধান দরজার সামনে আগুন ধরে গেলে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে কয়েকজন অজ্ঞাত যুবককে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনার পর পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিতভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।