দীর্ঘ তিন মাস মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনের পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ওই অঞ্চল থেকে সরে গেছে। বুধবার মার্কিন নৌবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদ সেবা ইউএসএনআই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও একই খবর প্রকাশ করেছে।

মার্কিন প্যাসিফিক ফ্লিটের একজন মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানিয়েছেন, জাপানভিত্তিক এই রণতরীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অভিযান এলাকায় ফিরে এসেছে। তবে রণতরীটির সঙ্গে বর্তমানে কোন কোন সহযোগী নিরাপত্তা জাহাজ রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া রণতরীটি সরাসরি জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে কি না, নাকি যাত্রাপথে অন্য কোথাও অবস্থান করবে, তা এখনো স্পষ্ট নয়। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকান থেকে এটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এর আগে গত ১৯ আগস্ট ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অভিযান এলাকায় পৌঁছায়। জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যাওয়ার পর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ছিল না।

এদিকে, জর্জ ওয়াশিংটন অঞ্চলটি ছাড়ার আগেই গত রোববার ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সেখানে পৌঁছেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন বিমানবাহী রণতরীভিত্তিক স্ট্রাইক গ্রুপ রয়েছে, যার মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত এপ্রিল মাস থেকে আরব সাগরে অবস্থান করছে।

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই রণতরী সরানোর এই পদক্ষেপ নেওয়া হলো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। জুন মাসে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে আছে। জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরেই দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে। এছাড়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিরুদ্ধে আঞ্চলিক হুমকির অভিযোগ তুলে আসছে, যদিও তেহরান তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে।