ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী দেশ আজারবাইজানে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ২০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে রাজধানীর উত্তরার একটি রিক্রুটিং এজেন্সি। 'এস আলম ওভারসিজ' নামের এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাল ভিসা ও ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাটের অভিযোগে গত ২৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। মামলার এজাহারে প্রতারণার শিকার ২০০ জনের পাসপোর্ট নম্বর ও আত্মসাৎ করা টাকার বিস্তারিত হিসাব তুলে ধরা হয়েছে।
প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের একজন খুলনার বাসিন্দা সুমন রেজা। তিনি একটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানে জরিপকারী প্রকৌশলী হিসেবে কাজ করতেন। এজেন্সির আশ্বাসে আজারবাইজান যাওয়া নিশ্চিত জেনে এবং ১০ দিন পর ফ্লাইট হবে শুনে কয়েক ধাপে ১ লাখ ৩০ হাজার টাকা জমা দেন এবং আগের চাকরি ছেড়ে দেন। পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে যাওয়ার দুদিন পর তিনি জানতে পারেন, তাঁকে দেওয়া নিয়োগপত্র ও ভিসা দুটিই ভুয়া এবং এজেন্সিটি টাকা নিয়ে কেটে পড়েছে। চাকরি হারিয়ে সুমন রেজা এখন বেকার জীবনযাপন করছেন।
একইভাবে প্রতারিত হয়েছেন গাজীপুর সদর উপজেলার বাসিন্দা মো. শিমুল। দেশে বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কাজ করা এই যুবককে আজারবাইজানে জরিপকারী প্রকৌশলী পদে পাঠানোর কথা বলে আড়াই লাখ টাকা চুক্তি করে এজেন্সিটি। ভিসা দেখে বিশ্বাস করে তিনি এস আলম ওভারসিজকে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছিলেন। সেই বিশ্বাসের খেসারত দিতে গিয়ে এখন নিঃস্ব তিনি।
উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির (মা নিবাস) দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া ফ্ল্যাটে ছিল এস আলম ওভারসিজের অফিস। ভবনটির নিরাপত্তাকর্মী আব্দুর রহমান জানান, ৪ থেকে ৫ মাস আগে প্রতিষ্ঠানটি ফ্ল্যাটটি ভাড়া নেয়। কিন্তু কিছুদিন পরই দেখা যায় তারা টাকা নিয়ে পালিয়েছে। ফ্ল্যাটমালিক আয়েশা টুসমি জানান, মিথ্যা কথা বলে তারা বাসা ভাড়া নিয়েছিল এবং প্রতারণা করে চম্পট দিয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ ভুক্তভোগীরা গিয়ে অফিসে ভাঙচুর চালান।
মামলার এজাহার অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালক শফিকুল ইসলাম ছাড়া এই জালিয়াতিতে যুক্ত ছিলেন ব্যবস্থাপক মেহেদী হাসান, সহকারী ব্যবস্থাপক মোশারফ হোসেন, মার্কেটিং ম্যানেজার মাসুদ রানা এবং রিসিপশনিস্ট মিলি আক্তার। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করেছিলেন সেটি ভুয়া ছিল। আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
ভুক্তভোগী ২৩ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সর্বনিম্ন ৮০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত এজেন্সিকে দিয়েছেন। চার ধাপে টাকা নেওয়ার পর আজারবাইজানের 'কোলিন কনস্ট্রাকশন' নামক প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। অক্টোবরের শেষ দিকে ফ্লাইট হবে বলা হলেও গত ২৩ অক্টোবর রিসিপশনিস্ট মিলি আক্তার ফোন করে গ্রাহকদের জানান অফিস বন্ধ হয়ে গেছে এবং পাসপোর্ট ফেরত দেওয়া হবে। সন্দেহ হলে ভুক্তভোগীরা অফিসে গিয়ে অন্য কর্মকর্তাদের না পেয়ে মিলি আক্তারকে আটক করেন এবং উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেন।
পাবনার বাসিন্দা ভুক্তভোগী খন্দকার শহিদুল্লাহ জানান, এজেন্সিটি বিদেশিদের দিয়ে তাঁদের অনলাইন সাক্ষাৎকার নেওয়ার আয়োজন করেছিল। এতে কোনো সংশয়ের সুযোগ ছিল না। প্রতারণার কৌশলের অংশ হিসেবে তাঁদের বনানীর 'সানমুন মেডিকেল সেন্টার লিমিটেড'-এ শারীরিক পরীক্ষার বাধ্যবাধকতা করা হয়, যার জন্য ফি বাবদ ৫ হাজার টাকা করে নেওয়া হয়।
সানমুন মেডিকেল সেন্টারের সঙ্গে এজেন্সির সাঁটগাটের অভিযোগ বিষয়ে কথা বললে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জসিমউদদীন তা অস্বীকার করেন। তিনি জানান, এস আলম ওভারসিজ তাঁদের কাছ থেকে ৭০ থেকে ৮০ জনের মেডিকেল টেস্ট করায় এবং প্রতিজনে ২ হাজার ৫০০ টাকা করে ফি দেয়। এজেন্সিটি পালিয়ে যাওয়ায় তাঁদের কাছেও দেড় লাখ টাকার মতো বকেয়া রয়েছে।
নিয়োগপত্র পেয়ে জমি বিক্রি বা ঋণ করে অনেকেই এজেন্সির চাহিদা মেটান। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের ছাত্র মাহবুব আলম এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে এজেন্সিকে দেন। বর্তমানে তাঁকে প্রতি মাসে ২০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছে। পড়াশোনা চালিয়ে নেওয়ার পাশাপাশি ঋণের এই বোঝা কীভাবে শোধ করবেন, তা নিয়ে দিশাহারা তিনি।