সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে দিল্লি ক্যাপিটালস (ডিসি) ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক জিএমআর স্পোর্টস। এই নিয়োগের ফলে তিনি তাৎক্ষণিকভাবে জিএমআর স্পোর্টসের একক বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন দলগুলোর কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগের দল দুবাই ক্যাপিটালস এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের দল সাউদার্ন ব্রেভ। এছাড়া তিনি হ্যাম্পশায়ার ক্রিকেটের সাথেও সমন্বয় করে কাজ করবেন।
জয়াবর্ধনের মূল দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করা এবং দলগুলোর ক্রিকেটীয় কৌশল, পারফরম্যান্স ও প্রতিভা অন্বেষণ কার্যক্রম তদারকি করা। জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ গ্রুপ আইপিএল ও ডব্লিউপিএল দল দুটির যৌথ মালিকানায় রয়েছে। চুক্তি অনুযায়ী, মালিকপক্ষ পর্যায়ক্রমে দুই বছরের চক্রে দল পরিচালনা করে। সেই অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ সালে জেএসডব্লিউ গ্রুপ আইপিএল দলটি পরিচালনা করবে এবং আগামী দুই বছর জিএমআর নারী দলটির দায়িত্বে থাকবে। ফলে জয়াবর্ধনে ২০২৭ ও ২০২৮ মৌসুমে দিল্লি ক্যাপিটালস নারী দলের কার্যক্রমের দায়িত্বে থাকবেন।
জিএমআর স্পোর্টসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী জানান, মাহেলার নিয়োগ নারী দলের সেটআপে কৌশলগত নেতৃত্বের নতুন মাত্রা যোগ করবে। আধুনিক ক্রিকেটে তার গভীর বোঝাপড়া দিল্লি ক্যাপিটালস নারী দলকে শিরোপা লড়াইয়ের জন্য আরও শক্তিশালী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে, জয়াবর্ধনের নিয়োগের সাথে সাথে জিএমআর স্পোর্টস এতদিন ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা ভেনুগোপাল রাও এবং বোলিং কোচ মুনাফ প্যাটেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।
দিল্লি ক্যাপিটালস গ্রুপে জয়াবর্ধনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী ২১ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া আইএলটি-টোয়েন্টি। সেখানে তার সাথে ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক সতীর্থ লাসিথ মালিঙ্গা। এরপর ৭ জানুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া ডব্লিউপিএলে দায়িত্ব পালন করবেন জয়াবর্ধনে। দিল্লি ক্যাপিটালস নারী দল এখন পর্যন্ত অনুষ্ঠিত ডব্লিউপিএলের চারটি আসরের সবকটিতেই রানার্সআপ হয়েছে। জয়াবর্ধনে জানিয়েছেন, তিনি দলের বর্তমান শক্তির ওপর ভিত্তি করে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে মুখিয়ে আছেন।