শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'এসবিএমসি ডে' উদযাপনে বৃষ্টিকে বাধা হতে দেননি প্রাক্তন শিক্ষার্থীরা। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা চিকিৎসক এবং প্রাক্তন শিক্ষার্থীরা কর্মব্যস্ততা ও ভৌগোলিক দূরত্ব ভুলে শুক্রবার (২০ নভেম্বর) প্রিয় ক্যাম্পাসে একত্রিত হন। পুনর্মিলনীতে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। এরপর সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

বেলা সাড়ে ১১টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজিত স্মৃতিচারণ ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। এতে প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ডা. খাদিজা, অধ্যাপক ডা. মিনতি অধিকারী এবং অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। প্রথম থেকে ৫৭তম ব্যাচের অংশগ্রহণে এই মিলনমেলায় কলেজ জীবনের নানা স্মৃতি, আনন্দ-বেদনা ও বন্ধুত্বের গল্প উঠে আসে।

প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম জানান, এবার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং ইন্টার্ন চিকিৎসকসহ আনুমানিক ১ হাজার ৫০০ জন এই আয়োজনে অংশ নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, এই আয়োজন কেবল একটি বার্ষিক উদযাপন নয়, বরং এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অনন্য মিলনমেলা। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরব ধারণ করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

দিনব্যাপী আয়োজনের শেষভাগে সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিগার সুলতানা সুমির নেতৃত্বাধীন জনপ্রিয় ফোক-রক ও ফিউশন ব্যান্ড ‘লালন’ সংগীত পরিবেশন করে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।