কুমিল্লার লাকসাম পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনসহ পৃথক মামলায় গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা কার্যক্রম নিষিদ্ধ দলটি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একটি মামলায় (মামলা নম্বর ০৫/১৩৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬) গ্রেপ্তার দেখানো হয়েছে। এই নেতারা হলেন কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া (৭০), একই ইউনিয়নের নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪) এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)।
একই অভিযানে লাকসাম থানা-পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আরও তিন তরুণকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিনয়ই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), একই এলাকার জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯) এবং কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেন (১৯)।
এছাড়া বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫ ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ১০/১১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে পরিচালনা করা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী। তিনি জানান, পৃথক আইনি ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।