মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মানবসম্পদ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএল বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক জানিয়েছেন, আগামী বছরের মার্চের আগেই এই পরিবর্তন দৃশ্যমান হতে পারে। শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। এ সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলম উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই মেট্রোরেল পরিচালনায় জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার থেকে প্রেষণে কর্মকর্তা নিয়োগ নিয়ে সমালোচনা রয়েছে। বিভিন্ন সময় মেট্রোরেল দুর্ঘটনার পর সরকারি ও বেসরকারি পর্যায়ের পর্যালোচনা সভায় কারিগরি দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের নিয়োগের ওপর বারবার জোর দেওয়া হয়েছে। এছাড়া মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ডিএমটিসিএল বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক জানান, ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে জাইকার সহযোগিতায় আগামী ১ জুলাই থেকে একটি পূর্ণাঙ্গ প্রকল্প চালু হতে যাচ্ছে। পাশাপাশি বিশ্বব্যাংকের অধীনে মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে নিয়োজিত কারিগরি জনবলকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ডিএমটিসিএলের নিজস্ব সার্ভিস রুল না থাকায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে জটিলতা রয়েছে। বর্তমানে নিজস্ব সার্ভিস রুল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।

কর্মশালায় দেশের সামগ্রিক পরিবহনব্যবস্থার সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্যমতে, দেশের মোট পরিবহন লোডের প্রায় ৮০ শতাংশ সড়কের ওপর নির্ভরশীল, যা সড়কের আয়ুষ্কাল কমিয়ে দিচ্ছে এবং যানজট বাড়াচ্ছে। এই চাপ কমাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় একটি সমীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় একটি সমন্বিত মাল্টিমোডাল মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে, যা ২০২৮ সালের মার্চ নাগাদ চূড়ান্ত হতে পারে।

পরিবহন খাতের দীর্ঘমেয়াদি প্রকৌশলগত সমস্যা সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি ‘পাবলিক ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া টোল প্লাজার যানজট নিরসনে সব টোল ব্যবস্থাকে একক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর জন্য সওজ অধিদপ্তর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এছাড়া আগামী বছরের ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকায় ‘সার্ক ইন্টারগভর্নমেন্ট গ্রুপ অন ট্রান্সপোর্ট’-এর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং তার তিন মাসের মধ্যে পরিবহনমন্ত্রীদের নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে।