নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ নবেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের সূচনা করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। উদ্বোধনী আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা। এছাড়া মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং রূপগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ক্রীড়া উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।