বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টিকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর রহমান মুন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সমবেত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের ভাষ্যমতে, মহাসড়কে যানবাহন ভাঙচুর, নাশকতামূলক কর্মকাণ্ড, সরকারি স্থাপনা বিনষ্ট এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন। অভিযানের সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে ১৫ ফুটের একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়েছিল।

এই ঘটনায় গত ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে মোট ৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।