জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। এই অগ্রগতির ফলে প্রথমবারের মতো বাংলাদেশ দুই অঙ্কের র্যাঙ্কিং ব্র্যাকেটে প্রবেশ করেছে। এর আগে ২০২৪ সালের সংস্করণে দেশটির অবস্থান ছিল ১০০তম।
চলতি বছর বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপে নিজেদের অবস্থান ধরে রেখেছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) কর্তৃক প্রকাশিত দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এই ফলাফল পাওয়া গেছে। এই সূচকে বর্তমানে দক্ষিণ কোরিয়া শীর্ষস্থান দখল করে আছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ এই সূচকের দুটি প্রধান উপাদানেও সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকের (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯।
ইজিডিআই মূলত একটি দেশের নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং অগ্রগতির একটি সম্মিলিত পরিমাপ। এটি তিনটি মাত্রার—অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স—নরম্যালাইজড স্কোরের একটি ভারযুক্ত গড়।
বিশ্বব্যাপী গড় ইজিডিআই ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্জিত ০.৬৮৯৩ স্কোরটি বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। এছাড়া মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে এখন ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি।