পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগানটি এখন পালিয়ে যাওয়ার একটি মাধ্যমে পরিণত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ কিংবা আগুন দেওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের এই কর্মকাণ্ড এখন কার্টুনের মতো হয়ে গেছে।
আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দলটি এখন আর আওয়ামী লীগ নেই, বরং এটি ‘সন্ত্রাসী লীগে’ পরিণত হয়েছে। তার দাবি, দলটির নেত্রী শেখ হাসিনা দল ও পরিবার উভয়কেই ধ্বংস করেছেন। বর্তমানে দলের ভেতরে থাকা নেতাকর্মীরা অন্যদেরও বিপদে ফেলার চেষ্টা করছেন এবং তাদের মধ্যে এমন মনোভাব কাজ করছে যে, যেহেতু নেত্রী পালিয়ে গেছেন, তাই দেশে থাকা অন্যরাও যেন ভালো থাকতে না পারেন।
সিলেটে নিজের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা তার বাসায় আগুন দিয়ে পালিয়ে যায়। এই ঘটনাকে বিড়ালের দৌড় দেওয়ার সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর দৌড় দেয়। সন্ত্রাসীদের অবস্থা এখন তেমনই হয়েছে, ‘জয় বাংলা’ বলেই তারা দৌড় দিচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা সরকার ও দেশের মানুষ জানে। সরকার বর্তমানে সহনশীলতার নীতি অনুসরণ করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীই এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে টিকে থাকতে পারবে না।
তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বর্তমানে বাংলাদেশ ভালো পথে এগিয়ে যাচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল হচ্ছে। বিদেশি বিনিয়োগ আসছে এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এই অগ্রযাত্রায় একটি ক্ষুদ্র গোষ্ঠী বাধা সৃষ্টির চেষ্টা করলেও শেষ পর্যন্ত এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই বিলীন হয়ে যাবে। নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনায় তিনি সিলেট থেকে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।