গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনটির ভেতরে পুড়ে যাওয়া আসবাবপত্র, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা ও তছনছ হওয়া বিভিন্ন কক্ষ বর্তমানে তাণ্ডবের চিহ্ন বহন করছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সরজমিনে থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। প্রধান প্রবেশপথের কলাপসিবল গেটে তালা ঝুলছিল। থানার কক্ষগুলোর মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কয়েকটি চেয়ারের লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব ছাড়া কিছু অবশিষ্ট ছিল না।
থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে তা জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া জেলা পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও এ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি। এদিকে থানা বন্ধ থাকায় স্বাভাবিক পুলিশি সেবা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুরো উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি।
কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পর টুঙ্গিপাড়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এদিন সকাল থেকেই বৃষ্টি থাকার কারণে উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কোনো মিছিল বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। উপজেলা সদরের খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলতে শুরু করেছে।
শুক্রবার ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে টুঙ্গিপাড়ার অভ্যন্তরীণ সড়কগুলোতে ইজিবাইক ও ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন তেমন একটা চলাচল করেনি। বিগত কয়েক দিনের সহিংসতার প্রভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে উপজেলার সড়কগুলো অনেকটাই জনশূন্য ছিল।
একই দিনে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সফর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও তিন বাহিনীর প্রধানগণ। বিভিন্ন এলাকা ঘুরে তারা ঢাকায় ফিরে গেলেও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি। সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্থানীয়দের পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।’ তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিবেশ তিনি ভালো দেখেছেন এবং আগামীতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি যারা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে স্থানীয়দের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।