ফ্রান্সে বসবাসরত প্রায় তিন লাখ কাগজপত্রহীন বিদেশি শ্রমিককে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বৈধতা দেওয়ার প্রস্তাবটি দেশটির জাতীয় পরিষদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সমাজতান্ত্রিক দলের (পিএস) সংসদ সদস্য পল ক্রিস্তফল এই উদ্যোগটির প্রধান উদ্যোক্তা ছিলেন। গত ১৯ নভেম্বর জাতীয় পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে এটি আলোচনার কথা থাকলেও নির্ধারিত সময়ের অপ্রতুলতার কারণে প্রস্তাবটি আর টেবিলে তোলা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত কোনো ধরনের বিতর্ক বা ভোটাভুটি ছাড়াই প্রস্তাবক এটি তুলে নেন।

‘কাগজপত্রহীন শ্রমিকদের বৈধতা প্রদানবিষয়ক আইন প্রস্তাব’ শীর্ষক ৩২৫৩ নম্বর এই বিলটি ২০২৬ সালের ৬ অক্টোবর জাতীয় পরিষদে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল। পল ক্রিস্তফলসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের স্বাক্ষর সংবলিত এই প্রস্তাবে বলা হয়েছিল, কোনো অভিবাসী ফ্রান্সে বিগত ২৪ মাসের মধ্যে অন্তত ছয় মাস পেশাগত কাজে যুক্ত থাকার প্রমাণ দিতে পারলে তাঁকে ‘সালারিয়ে’ বা কর্মজীবী শ্রেণিতে বসবাসের অনুমতিপত্র দেওয়া হবে। তবে কাজের সময়কাল ধারাবাহিক হওয়া বাধ্যতামূলক ছিল না এবং বিভিন্ন উপায়ে সেই কাজের প্রমাণ দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। প্রস্তাবকের দেওয়া আনুমানিক হিসাব অনুযায়ী, আইনটি কার্যকর হলে অন্তত তিন লাখ অনিয়মিত শ্রমিক বৈধতার আওতায় আসার সুযোগ পেতেন, যদিও এটি সরকারের নিজস্ব কোনো আনুষ্ঠানিক গণনা ছিল না।

জাতীয় পরিষদে পৌঁছানোর পর প্রস্তাবটি প্রাথমিক পর্যালোচনার জন্য আইনবিষয়ক কমিশনে পাঠানো হয়। গত ৯ নভেম্বর সংসদীয় আইন কমিশন এই প্রস্তাবনার একমাত্র অনুচ্ছেদটি প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ১৯ নভেম্বর সমাজতান্ত্রিক দলের নির্ধারিত সংসদীয় দিনের আওতায় এটি পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনার জন্য তালিকায় রাখা হয়। তবে পূর্ববর্তী অন্যান্য কার্যসূচি নিয়ে দীর্ঘ আলোচনার ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত উদ্যোক্তা পল ক্রিস্তফল এটি প্রত্যাহার করতে বাধ্য হন। স্পষ্ট করা প্রয়োজন যে, প্রস্তাবটি সংসদীয় ভোটাভুটিতে পরাজিত হয়নি, বরং আনুষ্ঠানিক আলোচনার পূর্বেই প্রত্যাহার করা হয়। ফলে এটি আইনে পরিণত না হওয়ায় অনিয়মিত শ্রমিকদের জন্য বৈধতা পাওয়ার নতুন কোনো পথ উন্মুক্ত হয়নি।

এদিকে ফ্রান্সে বর্তমানে ২০২৪ সালের অভিবাসন আইনের অধীন ‘মেতিয়ে আঁ তঁসিও’ বা জনবলসংকট রয়েছে এমন খাতগুলোতে কর্মরত বিদেশি শ্রমিকদের বৈধতার একটি বিশেষ ব্যবস্থা চালু আছে। এই নিয়মে আবেদন করতে হলে আবেদনকারীকে ফ্রান্সে নূন্যতম তিন বছর বসবাসের তথ্যপ্রমাণ পেশ করতে হয়। পাশাপাশি বিগত ২৪ মাসের মধ্যে অন্তত ১২ মাস নির্ধারিত জনবলসংকটপূর্ণ তালিকায় থাকা কোনো খাতে বেতনভিত্তিক কাজের অভিজ্ঞতা থাকতে হয় এবং আবেদনের সময়ও ওই তালিকায় অন্তর্ভুক্ত পেশায় নিয়োজিত থাকা বাধ্যতামূলক। তবে এসব শর্ত পূরণ করলেই স্বয়ংক্রিয়ভাবে বসবাসের অনুমতি মেলে না, চূড়ান্ত অনুমোদন নির্ভর করে সংশ্লিষ্ট প্রিফেকচারের প্রশাসনিক বিবেচনার ওপর।

বিদ্যমান এই বিশেষ সুযোগটির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে এই মেয়াদ শেষ হলেই কাজের ভিত্তিতে বৈধতা নেওয়ার সব সুযোগ বন্ধ হবে না, কারণ প্রচলিত আইনি কাঠামোর অধীনে বিশেষ ও মানবিক পরিস্থিতিতে প্রবাসীদের বসবাসের অনুমতি দেওয়ার বিধান রয়েছে। সে ক্ষেত্রে আবেদনকারীর ফ্রান্সে অবস্থানের সময়সীমা, সামাজিক ভূমিকা ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করা হয়। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজতান্ত্রিক দলের এই প্রস্তাবের বিরোধিতা করলেও শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে জনবলসংকট থাকা খাতগুলোর শ্রমিকদের জন্য একটি নতুন নির্দেশিকা তৈরির কাজ চলমান রয়েছে, যার চূড়ান্ত রূপ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি।

ফলশ্রুতিতে, ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিসহ অন্য কোনো দেশের অনিয়মিত শ্রমিকদের জন্য নতুন করে সাধারণ ক্ষমার মতো কোনো সহজ নিয়ম তৈরি হয়নি। এখন পর্যন্ত কেবল প্রচলিত আইন ও নিজ নিজ প্রিফেকচারের শর্তাবলী মেনেই কাজের ভিত্তিতে আবেদনের সুযোগ বহাল রয়েছে। সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত প্রত্যাহার হওয়া ৩২৫৩ নম্বর প্রস্তাবের ছয় মাসের কাজের শর্তকে বৈধতার কোনো কার্যকর নিয়ম হিসেবে গণ্য করার সুযোগ নেই।