গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে মান্দি (গারো) জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা ২০২৬’। নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতি বছরের মতো এবারও গারো সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা নিজস্ব সংস্কৃতি, গান, কবিতা ও ঐতিহ্যবাহী নৃত্যে মেতে ওঠেন।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্রামে কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণে ‘কেওয়াচালা ওয়ানগালা ২০২৬’ শীর্ষক এই উৎসব সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় আচার ও প্রথাগত রীতিনীতি পালনের মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়। কেওয়াচালাসহ গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এতে উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন।
অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব অরণ্য ই. চিরান প্রধান উদ্বোধক হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কেওয়াচালা ওয়ানগালা ২০২৬-এর নকমা এবং শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন।
উৎসবের সাংস্কৃতিক মঞ্চে মান্দি ভাষায় কবিতা আবৃত্তি করা হয় এবং গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও সংগীতের তালে তালে বর্ণাঢ্য নৃত্য পরিবেশন করা হয়। আগত অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা গারো সংস্কৃতির এই পরিবেশনাগুলো উপভোগ করেন। উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই এলাকায় বসবাসকারী আদিবাসীদের সঙ্গে তাঁদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তিনি উল্লেখ করেন, আদিবাসীদের আলাদা সংস্কৃতির বলে ভাবার সুযোগ নেই, তাঁরা এই দেশেরই মানুষ। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।