ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে জেলা শহরের কোতোয়ালী মডেল থানাধীন কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
আটক ছয় কিশোর হলো মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের মধ্যে মাহমুদ মুক্তাদির দশম শ্রেণির শিক্ষার্থী, সাকিবুল হাসান মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে, ইয়াসিন আরাফাত ব্যাটারিচালিত অটোরিকশা সার্ভিসিংয়ের সঙ্গে যুক্ত, রোমান বাসের হেলপার হিসেবে কাজ করে, রিহান নবম শ্রেণির শিক্ষার্থী এবং সানজিদ একটি জুতার দোকানের কর্মচারী।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, নিষিদ্ধ সংগঠনের পলাতক সদস্য জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাত কয়েকজনের নেতৃত্বে মিছিলটির আয়োজন করা হয়েছিল। আটক কিশোরদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিছিলে অংশ নেওয়ার জন্য তাদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল বলেও তথ্য পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মিছিলে অর্থের প্রকৃত উৎস, সরবরাহকারী, আয়োজকদের পরিচয় এবং লেনদেনের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না বা অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, নাশকতা ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধন থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পুলিশ যেকোনো সন্দেহজনক বা বেআইনি কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ থানায় জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।