যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী।

পুস্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

দিবসটির কর্মসূচি ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরবর্তীতে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী এবং সেখানে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেখানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকেরা অংশ নেবেন। এই অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং সংশ্লিষ্ট ঘাঁটিতেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।