চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। বর্তমানে বিদেশে অবস্থানরত সাবেক এই জনপ্রতিনিধি নিজেই এক অনলাইন টকশোতে যুক্ত হয়ে নিজের দূরারোগ্য ব্যাধির কথা প্রকাশ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে অংশ নিয়ে শামীম ওসমান জানান, চিকিৎসকরা তার রোগটিকে ক্যানসারের চতুর্থ পর্যায় বলে উল্লেখ করেছেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, কত দিন বেঁচে থাকবেন তা তার জানা নেই; তবে আল্লাহর ওপর তার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তিনি বাঁচার আশা রাখছেন। নিজের অসুস্থতার খবর শুনে অনেকে আনন্দিত হতে পারেন মন্তব্য করে তিনি তাদের প্রতি এমনটি না করার আহ্বান জানান। একই সঙ্গে অতীতে একাধিকবার তার ওপর চালানো হামলা ও হত্যাচেষ্টার স্মরণের কথা উল্লেখ করেন তিনি।

অনলাইন টকশোতে নিজের অসুস্থতার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সাবেক এই এমপি। তার দাবি, নিজস্ব শারীরিক সমস্যার চেয়েও দেশের বর্তমান পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। দেশে বিভিন্ন স্থানে সহিংসতা, নির্যাতন এবং মুক্তিযুদ্ধের পক্ষের অনুসারীদের ওপর আক্রমণের অভিযোগ আনেন তিনি।

দলীয় রাজনীতি ও স্থানীয় সংগঠন প্রসঙ্গে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অতীত ঐতিহ্য স্মরণ করেন শামীম ওসমান। একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি এবং কোটাভিত্তিক ধারার কারণে সংগঠনটি দুর্বল হয়েছে। অভ্যন্তরীণ বিভাজনের রাজনীতি দলকে ক্ষতি করেছে উল্লেখ করে এই পরিস্থিতি থেকে দলকে বের করে আনার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রত্যাশা প্রকাশ করেন শামীম ওসমান। তিনি মন্তব্য করেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন দেখে তিনি কৃতজ্ঞ থাকবেন, আর বেঁচে না থাকলে সেই আক্ষেপ থেকে যাবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান এবং পরবর্তীতে গোপনে দেশত্যাগ করেন। বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে।