সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভায় যোগ দিতে ভারত সফরে গিয়ে ব্যক্তিগত ভ্রমণের অনুমতি পাননি পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। তিনি সফরের সময় আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ভারত সরকার তাকে নির্ধারিত কর্মসূচির বাইরে কোনো ব্যক্তিগত সফরের অনুমতি দেয়নি।
দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় গত ২০ নভেম্বর এসসিও-র প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম শুরু হয়েছে, যা ২২ নভেম্বর পর্যন্ত চলবে। এই আয়োজনে অংশ নেওয়ার জন্যই মুসাদ্দিক মালিককে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে শুধুমাত্র নির্ধারিত সরকারি কর্মসূচিতেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া তাজমহল পরিদর্শনের বিষয়টি নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে বলে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার কোনো অনুমতি তাকে দেওয়া হয়নি।
মুসাদ্দিক মালিকের এই সফরটি কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৩ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পর এই প্রথম পাকিস্তানের কোনো ফেডারেল মন্ত্রী ভারত সফরে গেলেন। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।
গত ২৮ অক্টোবর ভারত সরকার এসসিও-র সদস্য দেশ হিসেবে পাকিস্তানকে এই সভায় আমন্ত্রণ জানিয়েছিল। এরপর পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পারস্পরিক সম্মান বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা এবং এসসিও-র কাঠামোর মধ্যে জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী। ২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিও-র সদস্য হিসেবে ভারত ও পাকিস্তান ২০১৭ সালে স্থায়ী সদস্যপদ পায়। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও-র বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।