অনলাইন প্রতারণা, ভুয়া ক্রিপ্টোকারেন্সি ও বিনিয়োগ স্কিম, স্ক্যাম সেন্টার পরিচালনা, মাদক ও সোনা চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি অংশ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৬৩৩ জন নাগরিককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক। অপরাধের অভিযোগে ৩৪৬ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে প্রধানত অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও সোনাসহ নানা পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। এর পর অবস্থান করছে মিয়ানমার, যাদের ৬২ জন নাগরিক গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তাইওয়ানের ৬১, লাওসের ৩৫, পাকিস্তানের ২৪, চীনের ২২ এবং ভিয়েতনাম ও নেপালের ১ জন করে নাগরিক রয়েছেন। নাইজেরিয়া, সোমালিয়া ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশের আরও ৮১ নাগরিক আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। কারা অধিদপ্তরের তথ্যমতে, গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যালোচনা অনুযায়ী, অপরাধে জড়ানো বিদেশিদের সিংহভাগই ব্যবসা, ভ্রমণ কিংবা অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হলেও তাঁরা অবৈধভাবে থেকে যান। অনেক ক্ষেত্রে পুলিশের হাত থেকে বাঁচতে বা দেশে ফেরত পাঠানো জটিল করতে পাসপোর্ট নষ্ট করে ফেলা কিংবা হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করার কৌশল নেওয়া হয়। মামলাসংক্রান্ত দীর্ঘসূত্রতার সুযোগ নিয়েও অনেকে অবৈধভাবে থেকে যাচ্ছেন। তা ছাড়া ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারকেই সব খরচ বহন করতে হয়, যা তাঁদের প্রত্যাবাসনের বড় বাধা।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৬ মাসে বিভিন্ন দেশ থেকে মোট ২২ লাখ ৬৮ হাজার ৬৫ জন বিদেশি বাংলাদেশে আসেন। তাঁদের মধ্যে ৪২ হাজার ৪২৯ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। অবৈধভাবে অবস্থানকারীদের মধ্যে ৫ হাজার ৫৯৭ জন এসেছিলেন অন অ্যারাইভাল ভিসায়। ১২৬টি দেশের ৭ হাজার ৮৮ জন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। এ ক্ষেত্রেও সবচেয়ে বেশি ২ হাজার ১৬৪ জন ভারতীয় এবং ১ হাজার ৯৯৫ জন চীনের নাগরিক রয়েছেন। তবে অবৈধভাবে থাকা সবাই যে অপরাধে জড়িয়েছেন তা নয়। অবৈধ অধিবাসীদের বড় একটি অংশ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

সম্প্রতি বিদেশি অপরাধীদের তৎপরতায় সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্ক্যাম বা প্রতারণা কেন্দ্র গড়ে তোলার চেষ্টা। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ জানান, একটি বিদেশি চক্র কম্বোডিয়ায় কিছু বাংলাদেশিকে নিয়ে স্ক্যাম সেন্টার বানিয়েছিল। এখন সেই চক্রটির সহযোগিতায় বাংলাদেশে এসে স্ক্যাম সেন্টার গড়ে তোলার পাঁয়তারা চলছে। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে স্ক্যাম সেন্টার পরিচালনা ও অনলাইন প্রতারণায় জড়িত ৭০ জন বিদেশিকে গ্রেপ্তার করে পুলিশ, উদ্ধার করা হয় ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস। এর আগে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেল থেকে একই ধরনের চক্রের ৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনায় চীন, পাকিস্তান, লাওস, নেপাল, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিকেরা জড়িত ছিলেন।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানের ঘটনাও নিয়মিত ঘটছে। গত ১১ নভেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পোকে (২০) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে বিজিবি। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও দুটি দা উদ্ধার করা হয়। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৭ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ফ্লাইট থেকে আসা দুই ভারতীয় নাগরিককে ৫ কেজি ১২০ গ্রাম কুশ মাদকসহ আটক করে। এর আগে ২২ আগস্ট ৩ কেজি এবং ২৪ আগস্ট ৫ কেজি কুশসহ আরও তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়।

ওষুধ পাচার ও সাইবার অপরাধেও বিদেশি নাগরিকদের সক্রিয় ভূমিকা দেখা গেছে। ক্যানসারসহ জটিল রোগের প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ওষুধ ও ছয় লাখ টাকা জব্দ করে গত ১৪ অক্টোবর ঢাকার উত্তরা থেকে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, রাজস্ব ফাঁকি দিয়ে লি ফেন নামের ওই চীনা নাগরিক ৩০ দিনের ট্যুরিস্ট ভিসায় এসে লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে ওষুধ পাচার করতেন। এ ছাড়া ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে ঢাকার বসুন্ধরা ও পল্লবী থেকে নাইজেরিয়ার দুই নাগরিক এবং তাঁদের বাংলাদেশি এক সহযোগীকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চক্রটি নিজেদের বিত্তবান বিদেশি পরিচয় দিয়ে বিনিয়োগে মুনাফা এবং বিদেশ থেকে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখাত। ২০২৩ সালের আগস্টে চট্টগ্রামে আমাজনের ভুয়া ওয়েবসাইট খুলে মাসে ১৮ হাজার টাকা আয়ের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে চীনের দুই নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

অতীতের ইতিহাসেও বিপুলসংখ্যক বিদেশির অপরাধে জড়ানোর প্রমাণ রয়েছে। এসিবির আগের হিসাব অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ৯ বছরে ৩৩ দেশের ৭২৬ জন বিদেশি আসামি হয়েছিলেন, যার মধ্যে নাইজেরিয়ার ৯১ জন, পাকিস্তানের ২৮ জন ও ক্যামেরুনের ১৭ জন ছিলেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ জানান, বিদেশিদের অপরাধের মাত্রা এখনো চরম আকার ধারণ করেনি। তবে সরকারের নির্দেশনা পেলে জোরালো অভিযান চালিয়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।

ওই সময়ে ১৪ দেশের ১৩৭ নাগরিককে গ্রেপ্তার করা হয়।

তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে প্রতারণা, এটিএম কার্ড জালিয়াতি ও মাদক পাচারের অভিযোগ ছিল।২০২৩ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ছিলেন ৮৬ হাজার ৯৬২ জন।