পাহাড়ের মেঘ, সবুজ প্রকৃতি আর পর্যটকদের কোলাহলে মুখর সাজেক এখন নীরব। এক মাস ধরে চলা সড়ক অবরোধ, পর্যটক প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক, চালক ও ক্ষুদ্র উদ্যোক্তা। আয় বন্ধ থাকলেও থেমে নেই ঋণের কিস্তি, বিদ্যুৎ-পানির বিল, রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের বেতন দেওয়ার চাপ। পর্যটন মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে গত এক মাসে সাজেকে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

গত ১১ অক্টোবর সাজেকের পর্যটন সড়কে অবরোধ শুরু হয়। বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে পর্যটক প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। অবরোধ শুরুর সময় সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজে পর্যটকদের আগাম বুকিং ছিল। দুর্গাপূজা ও ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক আগমনের প্রত্যাশা থাকলেও অবরোধের কারণে সেই সম্ভাবনা ভেস্তে যায়। সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এবং নতুন পর্যটকদের প্রবেশ বন্ধ রাখাই তখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার হয়ে ওঠে।

নিরাপত্তা ব্যবস্থার আওতায় কয়েক দফায় পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরিয়ে নেওয়া হয়। গত ২২ অক্টোবর প্রায় তিন হাজার পর্যটক সাজেক ছেড়ে ফিরে যান। এরপরই সাজেকের পর্যটন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে। অবরোধের মধ্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে পরিস্থিতি শিথিল করা হয়। ওই সময় পর্যটকদের সাজেকে প্রবেশের সুযোগ তৈরি হলেও পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফেরেনি। পূজার বিরতির পর আবার অবরোধ শুরু হলে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে ওঠে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় প্রশাসন যাতায়াত সীমিত করে এবং পর্যটনকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রাখে।

সাজেকের পর্যটন উদ্যোক্তা জিয়াউল হক যুবরাজের তিনটি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে কর্মরত ১২ জন কর্মচারীর বেতন গত মাস পর্যন্ত দিতে পারলেও চলতি মাসে এখনো দিতে পারেননি তিনি। পাশাপাশি ব্যাংকঋণের মাসিক ৬০ হাজার টাকা কিস্তিও বকেয়া পড়েছে। তিনি জানান, কীভাবে আয় হবে এবং খরচ মেকআপ করবেন, সেই চিন্তায় আছেন। এদিকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো আশানুরূপ উদ্যোগ দেখছেন না। অবরোধকারীদের পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে। দাবিগুলোর মধ্যে সাজেক এলাকায় নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিয়ে আপত্তি, মামলা প্রত্যাহার এবং অন্যান্য সাংগঠনিক ও প্রশাসনিক দাবি রয়েছে।

অবরোধের প্রভাব এখন সড়ক চলাচলের বাইরেও বিস্তৃত। স্থানীয় মানুষের বাজার, চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন এবং কর্মসংস্থানের ওপর পড়ছে এর প্রভাব। তবে অবরোধের বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির কোনো সংগঠকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবরোধের শুরুতে আন্দোলনকারী সংগঠনগুলোর সঙ্গে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে গত ১০ নভেম্বর সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা এক ভিডিও বার্তায় সেই সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন। এতে আন্দোলনের সাংগঠনিক অবস্থানে নতুন মাত্রা যোগ হয়েছে।

দীর্ঘ অবরোধের মধ্যে স্থানীয় মানুষের নিত্যপ্রয়োজনীয়তা বিবেচনায় কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতের যানবাহন চলাচলে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে। তবে এই সীমিত শিথিলতা সামগ্রিক পরিবহন ও পর্যটন কার্যক্রম সচল করার জন্য যথেষ্ট নয়। পরিস্থিতি সমাধানে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের বৈঠকে অবরোধ পরিস্থিতি, জনদুর্ভোগ ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে হেডম্যানদের নিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। তবে এসব উদ্যোগের পরও অবরোধ প্রত্যাহার কিংবা পর্যটন চালুর বিষয়ে এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি হয়নি।

প্রতিনিধি দলের সদস্য হেডম্যান কল্যাণ মিত্র চাকমা জানান, বাঘাইছড়ি উপজেলার হেডম্যান ও কার্বারীদের নিয়ে বৈঠকে উপস্থিত সবাই অবরোধের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নতুন জয় চাকমা পদত্যাগ করেছেন এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা করে অবরোধের সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করেছেন। তারা মাঠপর্যায়ের অবস্থা নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেছেন।

সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক মিশু দে বলেন, সাজেকে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। হোটেল ভাড়া ও থাকা-খাওয়ার পেছনে জনপ্রতি পাঁচ হাজার টাকা খরচ হিসাব করলে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার লেনদেন হতো। এছাড়া সাজেকে পরিবহন ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরও বড় আয়ের উৎস পর্যটক। অবরোধে সাজেক বন্ধ থাকায় শ্রমিক ও কর্মচারীদের বেতন, পানি ও বিদ্যুতের বিলসহ এখন শুধু খরচের হিসাব কষতে হচ্ছে।

সাজেকের পরিবহন ব্যবস্থার লাইনম্যান ইয়াসির আরাফাত জানান, গত এক মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ থাকায় বেতন-ভাতাও বন্ধ রয়েছে। নিজের টি-স্টল থেকেও আয় বন্ধ হয়ে গেছে। পর্যটন উদ্যোক্তা রাহুল চাকমা জানান, সরকার পরিবর্তনের পর থেকে সাজেকে নানা রকম সংকটের উদ্ভব হচ্ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি- এই চার মাসকে পর্যটনের মৌসুম হিসেবে ধরা হয়। এবার মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অবরোধ শুরু হওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত সংকটের সমাধান না হলে সাজেকের পর্যটন ধ্বংস হয়ে যাবে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেকে পর্যটক প্রবেশে বাধার প্রধান কারণ নিরাপত্তা। অবরোধের কারণে নিরাপত্তার সংকট আছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।