কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর, পাঁচটি শ্যালো মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মাতামুহুরী সেতু, চকরিয়া-পেকুয়া সীমান্তবর্তী বাগুজরা সেতু এবং বাটাখালী সেতুসংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় এই কার্যক্রম চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে একটি চক্র মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। প্রশাসনের অভিযানের মুখে কয়েক দিন কার্যক্রম বন্ধ থাকলেও পরবর্তীতে তা আবারও শুরু করা হয়। এসব অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম বলেন, মাতামুহুরী একটি ঐতিহ্যবাহী নদী। এর পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। কোথাও অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর অনুরোধ করেন এই কর্মকর্তা।