স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে…সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আর কারো তাঁবেদারি করবে না জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, পতিত, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা পেট্রোল বোমা হামলা ও থানা পোড়ানোর মতো ঘটনা ঘটিয়ে শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছে, তাদের আত্মাকে বিসর্জন দিয়ে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান সরকার মানবিক ও ধৈর্যশীল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল, এই কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে…আগের সরকারের মতো গুম-হত্যা, গুলি চালিয়ে কিছু আমরা নির্মূল করতে চাই না, এই কারণে যা কিছু হয়েছে, আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করেছি।’