দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এই সমাবেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামার জন্য একটি বিশেষ শর্তের কথা জানিয়েছে দলটি। জামায়াত নেতারা জানান, সরকার যদি গণভোটের রায় মেনে নেয়, তবেই তারা জনগণকে সঙ্গে নিয়ে এই রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হবেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় গ্রহণ করলে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজপথে নিজেদের সর্বশক্তি নিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিএনপির জমানায় সন্ত্রাসীদের ভয়ে পুলিশের থানা ছেড়ে পালানোর ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে পারেন না, সরকার ও নিজেদের সংসদ সদস্যদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন এবং যাদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দেওয়ার পর পালিয়ে বেড়াতে হয়—তাকে মন্ত্রিসভায় রাখা যায় কি না, তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।
তবে এখনই সরকারের পদত্যাগ দাবি করছেন না জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, তারা চান সরকার যেন ভুল পথ ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করে। তিনি জোর দিয়ে বলেন, গণভোটের কাছে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো গুরুত্ব নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আইন পাস করা সম্ভব হলেও তা টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটই একমাত্র পথ। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো সেই রায় বাস্তবায়নে সংসদে বিল আনা এবং সরকারি-বিরোধী দল মিলে তা পাস করা।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি আশ্বাস দেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতে যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, ভবিষ্যতেও রাজপথে থেকে সরকারকে পূর্ণ সহযোগিতা করবে। এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামায়াতের পক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে এখন পর্যন্ত দেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে বলেই পুরো জাতি তাদের প্রতি শ্রদ্ধাশীল।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যার পর যারা পালিয়ে গেছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়ি পুড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। ভারত থেকে ৭ বছরের প্রশিক্ষণ নিয়ে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজের পতন ডেকে আনছে বলে মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তার বদলে নিজের অবস্থানকালের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র হাতে থাকতেও শেখ হাসিনা পালিয়েছেন, এখন শূন্য হাতে তাঁর ফেরা কেবলই দিবাস্বপ্ন।
সমাবেশে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হলেও কোনো সময় এমপি-মন্ত্রীদের গাড়ি ভাঙচুর বা বাড়িতে আগুন দেওয়ার সাহস কেউ পায়নি, অথচ বর্তমান সরকার নিজেদের সংসদ সদস্যদেরই সুরক্ষা দিতে পারছে না। সমাবেশটির যৌথ পরিচালনায় ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এতে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি যৌথ ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ তাদের শান্তিতে দেশ চালাতে দেবে, কিন্তু সেই কাল সাপই এখন গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে বিএনপিকে ছোবল মারতে শুরু করেছে।