সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় এবং আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় স্থাপিত দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেয়।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় (হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়িক কর) থেকে প্রাপ্ত অর্থায়নে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা ও চেয়ারম্যান মো. ছুফি মিয়া। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ, অভিভাবক মো. সায়েম, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. সিতু মিয়া, প্যানেল চেয়ারম্যান মো. মাসুক আলী এবং ইউপি সদস্য মরিয়ম বেগম, গোলাম কিবরিয়া ও সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া বলেন, একটি জাতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়া। তিনি জানান, কয়েক বছর ধরে ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আয় থেকে অর্থ ব্যয় করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকেরা সচেতন হয়ে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠালে প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্ম উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর ইউএনও হিল্লোল চাকমা বলেন, শিক্ষার মানোন্নয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এ উদ্যোগ প্রশংসনীয়। হাওরবেষ্টিত সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রাথমিক পর্যায়ে এ ধরনের মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।