স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং জনগণের উন্নয়নে কাজ করব।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর সফর নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। দেশের সব খাল এবং মরা নদীগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। এরপর তিনি করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল পরিদর্শন করেন। খুব শিগগিরই এসব খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি জানান।