বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫১ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কমিটিতে আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জরুরি সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস সভায় অংশ নেন। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। সংগঠনের সংবিধান পর্যালোচনার ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে পদত্যাগ করেন এবং নতুন আহ্বায়ক কমিটিকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

নতুন এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। সভার আলোচনায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দ্রুত কাউন্সিল আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ন্যায্য দাবি ও মজুরি বৃদ্ধির বিষয়ে সমর্থন ও সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভার শেষ পর্যায়ে নজরুল ইসলাম খান এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে দায়িত্ব পালনকারী বিদায়ী কর্মকর্তাদের ধন্যবাদ জানান। নতুন কমিটিতে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।