পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের স্লোগানে পরিণত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর, বুরুঙ্গা বাজার ও গোয়ালাবাজারে তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা কইলেই বাংলাদেশ ছাড়তে হবে।’ তিনি আরও যোগ করেন, ওসমানীনগর ও বিশ্বনাথসহ বাংলাদেশের কোথাও সন্ত্রাসীদের কোনো স্থান নেই এবং সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, কোনো পলাতক সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সফল হবে না। সরকার বর্তমানে ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে। তবে এতে কাজ না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে তাদের দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী শনিবার দুপুরে সিলেট নগরী থেকে ওসমানীনগরের উদ্দেশে রওনা হন। তার নিজের বাসার ফটকে পেট্রলবোমা নিক্ষেপ এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তাজপুর বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি যোগ দেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক জ্যেষ্ঠ সদস্য সৈয়দ এনামুল হক।

এরপর প্রতিমন্ত্রী বুরুঙ্গা বাজারে একটি এনজিও সংস্থার প্রকল্প উদ্বোধন করেন এবং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আতাউর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। বিকেলে গোয়ালাবাজারে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হুমায়ুন কবির। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর গোয়ালাবাজারে পথসভায় মিলিত হয়, যেখানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।