নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ১৫ নভেম্বর জারি করা 'যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)' অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯,০০০ টাকা থেকে বেড়ে ২১,৪০০ টাকায় উন্নীত হয়েছে। এটি মূলত ১৩৭.৭৮ শতাংশ বৃদ্ধির একটি হার। এই নতুন কাঠামো অনুযায়ী, একজন সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ৫১,৯০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

নতুন স্কেলে বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬,০০০ টাকা থেকে বেড়ে এক লাখ ৭২,০০০ টাকায় দাঁড়িয়েছে, যা ১০০ শতাংশ বৃদ্ধি। নতুন এই বেতন স্কেল অনুযায়ী বাহিনীপ্রধানদের বেতন সরকারের মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান রাখা হয়েছে। পুরোনো বেতন স্কেলেও এই সমতা বজায় ছিল, যা নতুন গেজেটেও অপরিবর্তিত রাখা হয়েছে।

নির্দেশাবলি অনুযায়ী, বিভিন্ন পদে বেতনের নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩,৫০০ টাকা, করপোরাল ২৮,০০০ টাকা, ওয়ারেন্ট অফিসার ৪৪,০০০ টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ৪৪,৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার ৪৫,৫০০ টাকায় উন্নীত হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে এটি ১০২.২২ শতাংশ বৃদ্ধি। এছাড়া অনারারি লেফটেন্যান্ট এবং অনারারি ক্যাপ্টেনের বেতন যথাক্রমে ৭৬,৯৬০ টাকা এবং ৮৫,৭৫০ টাকায় উন্নীত হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নতুন স্কেলে সৈনিক ও নিম্ন স্কেলের কর্মকর্তাদের বেতন-ভাতা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রথম ধাপে ৪০ শতাংশ বাস্তবায়িত হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে ৫০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এছাড়া চারটি নতুন ভাতা সংযোজন এবং ন্যূনতম নিট পেনশন ১০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। চিকিৎসাভাতা বয়সভেদে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো ও বৈষম্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও, সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে কমান্ড পিরামিড ও শৃঙ্খলার খাতিরে এই পদ্ধতি অনুসরণ করা হয়। পদোন্নতি না পেলেও সৈনিক বা জেসিওদের বেতন যাতে স্থবির না হয়, সেজন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ রাখা হয়েছে। দীর্ঘদিনের অভিযোগ নিরসনে খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে জাতীয় বেতন কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন ভাজনের সুপারিশ পাঠিয়েছে। সে সুপারিশ পর্যালোচনাধীন রয়েছে।