ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে অথবা বাংলাদেশ সময় রোববার ভোর প্রায় ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পর সেখানে আগুন ধরে যায়। তবে মন্ত্রণালয়টির পক্ষ থেকে ওই অবকাঠামোটির ধরন বা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। উল্লেখ্য, সিত্রা দ্বীপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারসহ বেশ কিছু বাণিজ্যিক স্থাপনা রয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরুর পর থেকেই ইরান দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে।