রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ক্যানোফি ২-এর আগমনী আউটগেট এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি স্বর্ণ উদ্ধারসহ তিন চোরাচালানকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লা জেলার মো. শাওন (৩৯)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এপিবিএন সূত্রের বরাতে জানা যায়, বিমানবন্দরের আউটগেট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ৩ জন চতুরতার সঙ্গে কেটে পড়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরবর্তীতে এপিবিএন কার্যালয়ে নিয়ে সৌরভকে নিবিড়ভাবে তল্লাশি করা হলে তার কোমরে কমলা রঙের কাপড়ে শক্তভাবে পেঁচানো ১৫টি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে। পরে পরীক্ষানিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে নিশ্চিত হওয়া গেছে। বাজেয়াপ্ত করা স্বর্ণের মোট ওজন দাঁড়িয়েছে ৭ কেজি ৫০০ গ্রাম, যা পরিমাপে প্রায় ৬৪৩ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের সক্রিয় সিন্ডিকেটে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যমতে, সৌরভ নিয়মিতভাবে সৌদি আরবে যাতায়াত করতেন এবং সেখান থেকে কৌশলে স্বর্ণ বাংলাদেশে বহন করে আনতেন। পরবর্তীতে জুয়েল, শাওন এবং দেশের ভেতরের একটি অজ্ঞাত চক্রের সহায়তায় তা পাচার ও বিক্রি করা হতো। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।