ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (২২ নভেম্বর) সকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই প্রতিক্রিয়া জানান। এতে তিনি উল্লেখ করেন, রবিবার রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা খাগড়াছড়িতে সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। এই হামলাকে কাপুরুষোচিত অভিহিত করে তিনি অতি দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

দেশের চলমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে লেখেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। এই ধরনের সংঘাতময় পরিস্থিতির জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে প্রধানত দায়ী করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।

এর আগে রবিবার ভোরে খাগড়াছড়িতে নিজেদের গ্রামে নিজ বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন ভিপি সাদিক কায়েম।