নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বায়েলসা রাজ্যে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো ইজেকি এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনাকবলিত নৌকা থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেই সংখ্যা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণেই নৌকাটিতে সমস্যা দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাওয়ার জন্য চালককে অনুরোধ করেছিলেন, কিন্তু চালক সেই অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর নৌকার চালক পালিয়ে গেলেও পুলিশ নৌকার ব্যবস্থাপককে আটক করেছে।

এই দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযান পরিচালনাকারী ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার ইবিউওউ কোকু-ওবিয়াই শনিবার এক বিবৃতিতে বলেন, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, কোনো যাত্রাই একটি প্রাণের চেয়ে মূল্যবান নয়।