রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ৮টি মোবাইলফোন ও নগদ ১১৫৫ টাকা। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৬৯ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৩৭ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ২৭ জন এবং লালবাগ বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।