দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে একটি নতুন এসএমই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা খুব শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে এই খাতের কোনো বিকল্প নেই।
তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, বছরের পর বছর চাকরির পেছনে না ছুটে নিজেদের চাকরিদাতা হিসেবে গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে সাত দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের আটটি বিভাগের আটজন সফল উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। এবারের মেলায় সারা দেশ থেকে ৩৮০ জন উদ্যোক্তা এবং ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।