বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ ঘোষণা করেছে। ২০২৬-২৭ অর্থবছরের এই ইন্টার্নশিপের জন্য অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকা প্রার্থীরাই কেবল আবেদনের যোগ্য। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী, একজন প্রার্থী জীবনে কেবল একবারই এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

ইন্টার্নশিপের শর্তাবলি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে মন্ত্রণালয় বা অধিদপ্তর নির্ধারিত সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। প্রতি মাসের ভাতা পাওয়ার জন্য সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মসম্পাদনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ইন্টার্নশিপ চলাকালে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রত্যয়ন দেওয়া হবে না। সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেওয়া হবে, তবে এই সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী বা অস্থায়ী চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে না। এছাড়া ইন্টার্নশিপ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর-সংস্থায় চাকরির দাবি করা যাবে না।

আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইটের নোটিশ বিভাগ থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।

বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের লিখিত বা মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশ নিতে হতে পারে। পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ওয়েবসাইট অথবা মুঠোফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।